মালিবাগের পর ঢাকার আরও দুই স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণের পর এবার আগারগাঁও ও মহাখালীতে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩
এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই এলাকায় রেলগেটসংলগ্ন সড়কে আরও একটি বিস্ফোরণের তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এসব ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ মালিবাগের বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: উত্তরা-উত্তরখান-দক্ষিণখান ও মোহাম্মদপুরে রাজউকের মোবাইল কোর্ট
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে জগন্নাথ হলের গেট এলাকায় পরপর দুটি এবং পরে টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ।
এ ছাড়া একই দিন দুপুরে সুপ্রিম কোর্ট এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে এ বিস্ফোরণ ঘটে বলে জানা যায়।
রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলো খতিয়ে দেখছে।





