এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার ৯৯.২৬%
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর সেনাবাহিনী পরিচালিত ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১০ হাজার ৬৬ শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৯৯২ জন কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২০৪ জন। সামগ্রিকভাবে এসব প্রতিষ্ঠানে পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ২৬ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়ার হার ৬২ দশমিক ০৯ শতাংশ।
তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৪৫৭ জন এবং ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬০৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। দুই মাধ্যম মিলিয়ে মোট ৬৫টি প্রতিষ্ঠানের ১০ হাজার ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৭৪ জন অকৃতকার্য হয়েছে। ফলে পাসের হার প্রায় শতভাগের কাছাকাছি পৌঁছেছে।
আরও পড়ুন: আজ থেকে এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
সংশ্লিষ্টদের মতে, ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজগুলোতে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ এই ফলাফলের অন্যতম প্রধান কারণ।
এর পাশাপাশি যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা, নিয়মিত ও সুনিপুণ পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং ধারাবাহিক প্রচেষ্টা শিক্ষার্থীদের ভালো ফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: ম্যানেজিং কমিটির দায়িত্বে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের কার্যকর নেতৃত্ব এবং নিবেদিতপ্রাণ শিক্ষক ও অনুষদ সদস্যদের প্রচেষ্টাও এ সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে।
এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতাও শিক্ষার্থীদের ভালো ফল অর্জনে সহায়ক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এ সাফল্য দেশের শিক্ষাঙ্গনে তাদের ধারাবাহিক কৃতিত্বের আরেকটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।





