অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু
গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেয়া যাবে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: পহেলা বৈশাখে ঢাবি ক্যাম্পাসে কড়াকড়ি, রাতে বন্ধ থাকবে প্রবেশপথ
২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জরিমানা ছাড়া ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে ইতোমধ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড।
শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করতে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যদের দ্বারা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে যথাযথভাবে নিশ্চিত হবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রিন্ট আউট শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের।
আরও পড়ুন: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি
বোর্ড বলছে, নতুন পাঠদানের অনুমতি পাওয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (যেসব প্রতিষ্ঠান ইতঃপূর্বে নিজ নামে জেএসসি পরীক্ষায় অংশ নেয়নি) ব্যানবেইস থেকে ইআইআইএন সনদ সংগ্রহ করার পর সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে ১ হাজার ৫০০ টাকা জমা দিয়ে বোর্ডের স্কুল শাখার মাধ্যমে লগইন পাসওয়ার্ড সংগ্রহ করবে।
বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীর বাবা-মায়ের এসএসসি সনদ থাকলে তাদের মূল সনদ অনুযায়ী বা প্রাথমিক সমাপনী পরীক্ষা পাসের সনদ অনুযায়ী বাবা মায়ের নাম এন্ট্রি করতে হবে। শিক্ষার্থীর বাবা মা এসএসসির সনদধারী না হলে হলে জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবা-মায়ের নাম এন্ট্রি করতে হবে। শিক্ষার্থীরা নামের আগে মিস্টার, মিসেস, শ্রী, শ্রীমতি ইত্যাদি থাকলে তা ব্যবহার করা যাবে না। সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি হালনাগাদ থাকতে হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষকে সব তথ্য নিশ্চিত হয়ে ডাটা এন্ট্রি করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে এর দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। হালনাগাদ স্বীকৃতি নবায়ন নেই এ ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে রেজিস্ট্রেশন করলে পরবর্তী সময়ে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।





