সংসদ নির্বাচন ও গণভোটের হার ৫৯.৪৪ শতাংশ: ইসি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৪৭ পূর্বাহ্ন, ০৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের ৫৯   দশমিক ৪৪ শতাংশ ভোট দিয়েছেন বলে তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণার কার্যক্রম শেষের পর ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি

গত বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু করে ইসি। শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২৯৭টি আসনের ফল জানানোর পর ফলাফল ঘোষণার কার্যক্রম সমাপ্ত করা হয়। চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আইনি জটিলতার কারণে আপাতত ঘোষণা করা হচ্ছে না বলে জানানো হয়। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়েছিল। এবারে নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম ভালো, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আরও পড়ুন: জুলাইয়ে প্রথম ধাপে ২০৪ ইউপিতে ভোটের প্রস্তুতি সরকারের

তিনি বলেছেন, নির্বাচন কমিশন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন যেকোনো মানদণ্ডে অধিক গ্রহণযোগ্য ও আস্থাযোগ্য হিসেবে বিবেচিত হবে।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তাদের একীভূত ফল ইসিতে ঘোষণা শুরু হয়। শুক্রবার বেলা ১২টায় ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি দুটি আসনের ফল গোনা হলেও আদালতের নির্দেশনা থাকায় ফল ঘোষণা করা হয়নি।