অসুস্থ ইমরান হাশমি, ‘আওয়ারাপন টু’র সাফল্যে থামেনি বক্স অফিস দৌড়

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:২৪ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কাজের সূত্রে ভারতের রাঁচিসহ একাধিক শহর ভ্রমণ শেষে মুম্বাই ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। শারীরিক অসুস্থতার কারণে ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘আওয়ারাপন টু’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতেও উপস্থিত থাকতে পারেননি তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন অভিনেতা।

সম্প্রতি কাজের প্রয়োজনে ভারতের বিভিন্ন শহরে সফর শেষে মুম্বাই ফেরেন ইমরান। এর পরপরই তার অসুস্থতার খবর সামনে আসে। তবে তার অসুস্থতার ধরন বা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন: প্রয়াণের ১৭ বছর পরও অমলিন মাইকেল জ্যাকসন, ৬৮তম জন্মদিন আজ

অন্যদিকে ইমরান হাশমি অসুস্থ হলেও বক্স অফিসে এগিয়ে চলছে তার অভিনীত ‘আওয়ারাপন টু’। স্বাধীনতা দিবসে মুক্তির পর সিনেমাটি ভারতের বাজারে এখন পর্যন্ত ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।

মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পাওয়া মূল ‘আওয়ারাপন’-এর মোট আয়কে ছাড়িয়ে যায়। শুধু তাই নয়, প্রথম শনিবারের মধ্যেই ইমরান হাশমির আগের সফল সিনেমা ‘হক’, ‘রাজ টু’, ‘এক থি ডাইন’ ও ‘জন্নাত’-এর মোট ব্যবসাকেও পেছনে ফেলেছে ‘আওয়ারাপন টু’। বক্স অফিসের দৌড়ে সিনেমাটি সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর চেয়েও এগিয়ে রয়েছে।

আরও পড়ুন: নেপালে হড়পা বান, নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ টিম

২০০৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপন টু’। সিনেমাটি প্রযোজনা করেছেন বিশেশ ফিল্মসের ব্যানারে বিশেশ ভাট। পরিচালনায় রয়েছেন নিতিন কক্কর।

ছবিতে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।

পুরোনো পরিচিত আবহ ও চরিত্রের রূপে ইমরান হাশমির পর্দায় ফেরা দর্শক ও ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একদিকে অভিনেতার অসুস্থতা নিয়ে উদ্বেগ, অন্যদিকে সিনেমার বক্স অফিস সাফল্য—দুই কারণেই আলোচনায় রয়েছে ‘আওয়ারাপন টু’।