গান্ধীর চরিত্রে মনোজ বাজপেয়ী, প্রকাশ্যে প্রথম ঝলক
মহাত্মা গান্ধীর চরিত্রে প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন বলিউডের শক্তিমান অভিনেতা মনোজ বাজপেয়ী। পরিচালক সুধীর মিশ্রের নতুন ঐতিহাসিক সিনেমায় গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাকে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটিতে তার প্রথম লুক, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন দর্শকরা।
রোববার প্রকাশিত প্রথম ঝলকে মনোজ বাজপেয়ীকে দেখা গেছে একেবারেই ভিন্ন অবতারে। পরিচিত লুক থেকে বেরিয়ে গান্ধীর চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তার এই রূপান্তর ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাটির গল্পে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি তুলনামূলকভাবে কম আলোচিত ২১ দিনের সময়কাল তুলে ধরা হবে।
আরও পড়ুন: পরীমণির কোলে কার সন্তান? ‘তিন নম্বর জন ডান’ ঘিরে জল্পনা
তবে নতুন এই সিনেমা নিয়ে এখনো বেশ কিছু তথ্য গোপন রেখেছেন নির্মাতারা। এমনকি সিনেমাটির নাম ও মুক্তির তারিখও এখনো প্রকাশ করা হয়নি। ছবিটি পরিচালনা করছেন সুধীর মিশ্র, যিনি প্রায় চার দশক ধরে হিন্দি চলচ্চিত্রে কাজ করছেন। ‘হাজারোঁ খোয়াইশেঁ অ্যায়সি’ ও ‘ধারাভি’র মতো প্রশংসিত সিনেমা নির্মাণ করে তিনি আলাদা পরিচিতি তৈরি করেছেন।
মনোজ বাজপেয়ীর পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ শুক্লা। ছবিটি প্রযোজনা করছেন অনুভব সিনহা ও নরেন্দ্র হিরাওয়াত। বেনারস মিডিয়াওয়ার্কসের ব্যানারে নির্মিত সিনেমাটি উপস্থাপনা করছে এনএইচ স্টুডিওজ।
আরও পড়ুন: ১৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘লাস্ট স্টোরিজ ৩’
এদিকে মনোজ বাজপেয়ীকে সামনে দেখা যাবে আরেকটি আলোচিত সিনেমা ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এ। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত। বেন রেখি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে রানা দাগ্গুবাটির স্পিরিট মিডিয়া। অরবিন্দ আদিগার একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এর। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো মনোজ বাজপেয়ী ও বোমান ইরানিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।
সূত্র: গালফ নিউজ





