ছয় মাসের মধ্যে ভেঙে যাচ্ছে বাংলা ফাইভ ব্যান্ড
দেশের জনপ্রিয় ব্যান্ড বাংলা ফাইভ (Bangla Five) ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। আগামী ছয় মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্যান্ডটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। সম্প্রতি এক বিবৃতিতে নিজেদের দীর্ঘ সংগীতযাত্রার ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছে ব্যান্ডটি।
বিবৃতিতে বাংলা ফাইভ জানায়, গত দুই বছরের পারফরম্যান্স ও শ্রোতাদের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে তারা নিজেরা সন্তুষ্ট নয়। এ কারণে ব্যান্ডটির যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন সদস্যরা। তবে আনুষ্ঠানিকভাবে ব্যান্ড ভেঙে দেওয়ার আগে আগামী ছয় মাসে বেছে বেছে সর্বোচ্চ পাঁচ থেকে সাতটি শো করবেন তাঁরা।
আরও পড়ুন: প্রিয়াঙ্কা থেকে আলিয়া, বলিউডে কার পারিশ্রমিক কত?
২০১৫-১৬ সালের দিকে সিনা হাসানের ‘লাস্টবেঞ্চ’ অ্যালবামের রেকর্ডিংয়ের পর বাংলা ফাইভ নামে লাইভ পারফর্ম করা শুরু করেন ব্যান্ডটির সদস্যরা। এরপর একে একে ‘কনফিউশন’ (২০১৯) ও ‘লুকিয়ে থাকার সময়’ (২০২২) সহ বেশ কয়েকটি গান প্রকাশ করে দলটি।
ব্যান্ডটির জনপ্রিয়তা বাড়ে বিশেষ করে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত। এ সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত শো করেছে তারা। ‘কনফিউশন’ অ্যালবামের গান এবং ‘সন্ধ্যা নামায় রাখি (তুই ফিরবি বলে)’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গানটি টিকটকে বাংলা ব্যান্ডের গানগুলোর মধ্যে সর্বাধিক ব্যবহৃত গানগুলোর একটি হয়ে ওঠে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে দলটি।
আরও পড়ুন: পুরোনো জুটির নতুন রসায়ন, আবারও একসাথে শাহরুখ-কারিনা
বিবৃতিতে ব্যান্ডটি জানায়, তাদের বেশ কিছু শো বাতিল হয়েছে। ভারত ও নেপালেও নির্ধারিত পরিবেশনা বাতিলের ঘটনা ঘটে। কোভিড মহামারির পর ধীরে ধীরে আড়ালে চলে যায় দলটি। ২০২২ সালে কোনো আনুষ্ঠানিক প্রচারণা বা গণমাধ্যমে ঘোষণা ছাড়াই প্রকাশ করে ‘লুকিয়ে থাকার সময়’ গানটি। এমনকি সচেতনভাবেই ব্যান্ডসংক্রান্ত কোনো সাক্ষাৎকারও দেয়নি তারা। ২০২১ সালে সহিংসতাবিরোধী কনসার্টের মাধ্যমে আবারও মঞ্চে ফেরে বাংলা ফাইভ। ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন আয়োজনে তাদের পরিবেশনা অব্যাহত ছিল।
নিজেদের সংগীতযাত্রার স্মৃতিচারণ করে ব্যান্ডটি জানায়, দেশের বিভিন্ন জায়গায় পারফর্ম করার পাশাপাশি ভারতের কৃষ্ণনগর ও পাটুলি মেলার মাঠেও গান গাওয়ার সুযোগ হয়েছে তাদের। এসব আয়োজনে মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের সদস্য তাপস দাস (বাপী দা), শিলাজিৎ দাসহ অনেক শিল্পীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছেন তাঁরা।
ব্যান্ডটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাংলা ফাইভের আনুষ্ঠানিক যাত্রা শেষ হলেও সদস্যদের ব্যক্তিগত সংগীতচর্চা অব্যাহত থাকবে। ভবিষ্যতে তাঁরা ভিন্ন পথে সংগীত নিয়ে কাজ করবেন এবং নতুন কিছু শুরু করার পরিকল্পনাও রয়েছে।
দীর্ঘ এই যাত্রায় পাশে থাকা শ্রোতা, আয়োজক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে ব্যান্ডটি বলেছে, ‘বাংলা ফাইভকে আরেকবার শুনতে ইচ্ছা করলে আমাদের ডাকবেন।’





