দেশে হামে নতুন ৫ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১১৫ জন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:১৫ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে চার শিশুর মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে ১২৭ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা গেছে।

এতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৪৬৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২৪৩ জন।

আরও পড়ুন: হামের সংক্রমণ বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহভাজনভাবে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে, যেখানে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯ হাজার ২৭৪ জন এবং নিশ্চিত রোগী ১ হাজার ৯৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক নজরদারি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি জনগণকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।