ইরান যুদ্ধের সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় শেষ, দাবি রয়টার্স ও সিবিএসের
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র তাদের বিশ্বব্যাপী মজুত থাকা দূরপাল্লার নিখুঁত নিশানা করার ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো মজুত ব্যবহার করে ফেলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও সিবিএস নিউজ। তবে এ দাবি সরাসরি নাকচ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)।
রয়টার্স তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস (ATACMS) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (PrSM)-এর প্রায় সবকটিই ব্যবহার করেছে। একই ধরনের তথ্য প্রকাশ করেছে সিবিএস নিউজও। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে থাকা যুক্তরাষ্ট্রের এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
আরও পড়ুন: ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত, শিক্ষিকাকে হত্যা
তবে এসব দাবির তীব্র বিরোধিতা করেছে পেন্টাগন।
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল সিবিএস নিউজকে বলেন, মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী এবং প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী বিশ্বের যেকোনো স্থানে প্রয়োজনীয় সামরিক সক্ষমতা প্রয়োগ করার মতো পর্যাপ্ত অস্ত্র ও উপকরণ তাদের হাতে রয়েছে।
আরও পড়ুন: ইরানের বন্দর অবরোধ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি তেহরানের
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের ঘাটতি নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও জল্পনা-কল্পনা উড়িয়ে দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
এদিকে রয়টার্স ও সিবিএস নিউজের প্রতিবেদন আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রের প্রকৃত মজুত বা ব্যবহারের পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।





