গাজায় যুদ্ধ শুরুর পর ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সক্রিয় সদস্য আত্মহত্যা করেছেন। সর্বশেষ এই ঘটনায় ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ জনে।

ইসরায়েল দৈনিক হারেৎজ জানিয়েছে, নিহত ওই সেনা বাহিনীর ‘ট্র্যাকার’ ইউনিটে দায়িত্ব পালন করতেন। মঙ্গলবার তিনি নিজ অস্ত্র দিয়ে নিজের ওপর গুলি চালান। গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সন্ধ্যার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছিল, উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে এক সেনা মারাত্মক আহত হয়েছেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এদিকে, চলতি বছরের ২৮ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্র প্রকাশিত এক প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ে অন্তত ২৭৯ জন ইসরায়েলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি সাতজন চেষ্টাকারীর মধ্যে একজন আত্মহত্যা করে প্রাণ হারাচ্ছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

দীর্ঘস্থায়ী যুদ্ধ, মানসিক চাপ ও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা সেনাদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: আনাদোলু