ন্যাটো মিত্রদের প্রতি ট্রাম্পের ক্ষোভ, হরমুজ প্রণালি ইস্যুতে কড়া হুঁশিয়ারি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ন্যাটো জোটভুক্ত দেশগুলোর ভূমিকা নিয়ে আবারও অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহযোগিতা না পাওয়ায় মিত্রদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে ন্যাটোর সহায়তা না দেওয়া একটি বড় ধরনের ভুল সিদ্ধান্ত। তার মতে, এই অবস্থান যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় বাধা সৃষ্টি করছে।

আরও পড়ুন: মার্কিন অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় স্বনির্ভরতার ওপর জোর ইরানের

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এ সময় তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় দৃঢ়তা দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩

বিশ্লেষকদের মতে, মিত্রদের প্রতি এমন কড়া অবস্থান উল্টো ফল বয়ে আনতে পারে। এতে ন্যাটো দেশগুলোর সঙ্গে দূরত্ব আরও বাড়তে পারে এবং চলমান সংকটে যুক্তরাষ্ট্র আরও একঘরে হয়ে পড়তে পারে।

এই সংঘাত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ঐক্য গড়ে তোলার তেমন কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি। ন্যাটো মিত্ররাও স্পষ্ট জানিয়েছে, তারা সরাসরি এই যুদ্ধে জড়াতে আগ্রহী নয়।

ট্রাম্প বলেন, “আমরা সবসময় মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করি, কিন্তু প্রয়োজনের সময় তারা আমাদের পাশে দাঁড়ায় না।” তবে প্রয়োজনে যুক্তরাষ্ট্র একাই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম বলেও জানান তিনি।

সূত্র: বিবিসি