হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ৩৫ দেশকে নিয়ে বৈঠক আজ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অচল হয়ে পড়া গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করার উপায় খুঁজতে প্রায় ৩৫টি দেশকে নিয়ে ভার্চুয়াল বৈঠক আয়োজন করছে যুক্তরাজ্য।

বুধবার এই উদ্যোগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, বৈঠকটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে স্টারমার জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। আলোচনায় নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পণ্য পরিবহন স্বাভাবিক করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, বৈঠকের পর সামরিক পরিকল্পনাকারীদের সঙ্গে আলোচনা করে যুদ্ধ-পরবর্তী সময়ে কীভাবে প্রণালিটিকে নিরাপদ ও কার্যকর রাখা যায়, সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ট্রাম্পের ভাষণের পরই ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

এই বৈঠকে অংশ নেবে এমন দেশগুলো, যারা সম্প্রতি প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং নেদারল্যান্ডস।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালিতে নৌ চলাচল সীমিত করে দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। শান্তিকালে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

স্টারমার সতর্ক করে বলেন, এই গুরুত্বপূর্ণ প্রণালিটি পুনরায় চালু করা সহজ হবে না এবং এতে সময় ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

এদিকে, ন্যাটো জোট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক সমালোচনার জবাবে স্টারমার বলেন, ন্যাটো বিশ্বের অন্যতম কার্যকর সামরিক জোট এবং যুক্তরাজ্য এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তবে ট্রাম্প এক সাক্ষাৎকারে ন্যাটোকে “কাগুজে বাঘ” হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, যেসব দেশ যুদ্ধে অংশ নেয়নি কিন্তু জ্বালানি সংকটে পড়েছে, তাদের নিজেদের উদ্যোগে তেল সংগ্রহ করা উচিত।