যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২১ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ বন্ধ না হওয়া পর্যন্ত এই কৌশলগত নৌপথে কোনো ধরনের স্বাভাবিক নৌ চলাচলের সুযোগ দেওয়া হবে না।

এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, সাম্প্রতিক মার্কিন হামলাকে বৈধতা দিতে ওয়াশিংটন বাণিজ্যিক জাহাজসংক্রান্ত বিভিন্ন অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, বেআইনি জাহাজে হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

আরও পড়ুন: মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

ইরানের দাবি, হরমুজ প্রণালিতে জারি করা নৌ-নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ কারণে কোনো বাণিজ্যিক জাহাজ কিংবা মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের কোনো নৌযান এই অবরোধ অমান্য করে প্রণালি অতিক্রম করার চেষ্টা করেনি।

আইআরজিসি আরও বলেছে, যেহেতু কেউ অবরোধ ভাঙার উদ্যোগ নেয়নি, তাই ওই এলাকায় কোনো জাহাজে হামলা বা সামরিক সংঘর্ষের ঘটনাও ঘটেনি। আন্তর্জাতিক এই নৌপথে ইরান পরিস্থিতির ওপর পূর্ণ নজরদারি বজায় রেখেছে বলেও দাবি করেছে বাহিনীটি।

আরও পড়ুন: কুয়েত-বাহরাইনে ইরানের হামলা

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের মতে, এই রুট দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।