দক্ষিণ মেক্সিকোয় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ন, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২৪ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি এলাকায় শুক্রবার ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একটি অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর আকিলেস সেরদান শহরের উপকূল থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৮ কিলোমিটার গভীরে, যার ফলে বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের তথ্য অনুযায়ী, মেক্সিকোর চিয়াপাস ও ওহাকা অঙ্গরাজ্যের পাশাপাশি প্রতিবেশী গুয়াতেমালা এবং এল সালভাদরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ও ভবন ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জন্য সম্ভাব্য সুনামির হুমকির সতর্কতা জারি করে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

চিয়াপাস অঙ্গরাজ্যের রাজধানী তুক্সটলা গুতিয়েরেজে কয়েকটি বহুতল ভবনে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ভবন ছেড়ে খোলা স্থানে চলে যান।

মেক্সিকোর নৌবাহিনীর সচিব রাইমুন্ডো মোরালেস জানিয়েছেন, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো গুরুতর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সৈকত থেকে দূরে থাকার এবং সম্ভাব্য সুনামির বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আফটারশকের আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ