ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক চেয়ে হাইকোর্টের রুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৩০ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারায় চেয়ারম্যান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করাকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

আরও পড়ুন: প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারার অধীনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন: জুলাই আন্দোলনের হত্যা মামলায় কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানো হলো

এ রুলের জবাব দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান এ রিট আবেদনটি দায়ের করেন।

রিটকারীদের অন্যতম আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বলেন, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নানা ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, যার মধ্যে গ্রাম আদালত পরিচালনার ক্ষমতাও রয়েছে। সেখানে তিনি তিন লাখ টাকা মূল্যমানের মামলার বিচার করতে পারেন। অথচ একই ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য একজন ম্যাজিস্ট্রেটকে স্নাতক সম্পন্ন করে বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। এ কারণেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারাকে চ্যালেঞ্জ করে চেয়ারম্যানের জন্য ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের আবেদন করা হয়েছে।