ঢাকায় হরতালের প্রভাব নেই

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২২ | আপডেট: ৭:০৬ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২২

জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও হরতালের প্রভাব নেই রাজধানী ঢাকার সড়কে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে বিভিন্ন সড়কে অন্যদিনের মতোই ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের উপস্থিতি দেখা গেছে। কর্মমুখী মানুষের অফিসে যাওয়ার চিত্রও অন্যান্য দিনের মতোই।

আরও পড়ুন: সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান

সকাল থেকে রাজধানীর শাহবাগ এলাকার বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করেন হরতাল সমর্থকরা। কয়েক দফা কাটাবন ও শাহবাগ মোড়ে অবস্থান করলেও পুলিশ তাদের উঠিয়ে দেয়। রাস্তায় অবস্থানের সময় যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। আশপাশে সৃষ্টি হয় যানজটের।

সকাল ৯টার দিকে একটি মিছিল বাংলা মোটর থেকে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও তর্ক-বিতর্ক হয়। এ সময় হরতাল সমর্থকরা একজন আহত হওয়ার দাবি জানান।

আরও পড়ুন: মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মতিঝিলে যাওয়া অফিসগামী রবিন বলেন, হরতাল দিয়ে এখন আমাদের চলাচলের ভোগান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছুই না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হচ্ছে।

তন্ময় জানান, আমি জানতাম না আজ হরতাল। শাহবাগে এসে মিছিল দেখে বুঝলাম, হরতাল চলছে। রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, সড়কে কেউ যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ যাতে হরতালকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না পায় সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।

বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের প্রভাব পড়েনি রাজধানীর মিরপুরে। অন্যান্য দিনের মতোই মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। রাস্তায় কর্মজীবী মানুষের ব্যস্ততার পাশাপাশি যানাবাহন চলছে নির্বিঘ্নে। বিভিন্ন স্থানের দোকানপাট খুলেছে। মিরপুর ১, ১০, ১২ ও পল্লবী থেকে বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে বাস।

হরতালের প্রভাব না থাকলেও রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখা গেছে। বিভিন্ন স্থানে অতিরিক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।