১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না: নাহিদ

বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ২:০৫ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় আগামী ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল

উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের যে তালিকা করছে সেটার ওপর ওপর ভিত্তি করেই স্মরণসভা হবে। আগামী ১৪ সেপ্টেম্বর বা আশপাশের একটা দিন সেটার সম্ভাব্য তারিখ ঠিক করা ছিল। তালিকা তৈরির কাজ যেহেতু চলছে, সেহেতু ১৪ সেপ্টেম্বর স্মরণসভা করা হচ্ছে না। তালিকা চূড়ান্ত হলে সেটার ওপর ভিত্তি করে স্মরণসভার আয়োজন করব।

নাহিদ ইসলাম  বলেন, নিহতদের তালিকাটি চলমান থাকায় পূর্বনির্ধারিত স্মরণসভাটি ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। এখন পর্যন্ত ৭২৮ জন শহীদকে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আহত হয়েছে ২০ হাজার ২৬৩ জন। চূড়ান্ত তালিকা আসার পর স্মরণসভা তারিখ ঠিক করা হবে।

আরও পড়ুন: ছুটির দিনেও বৈঠক, এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার

নাহিদ ইসলাম বলেন, বেসরকারি বিভিন্ন সূত্র অনুসারে, আটশ জন শহীদের একটা তালিকা আছে, যেটার সত্যতা যাচাই করা হচ্ছে। জেলা প্রশাসকদেরও তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী রোববারের মধ্যে একটি চূড়ান্ত তালিকা হয়ত পাবো।

তিনি আরও বলেন, শহীদ স্মরণসভার বাজেট নিয়ে সামাজিক মাধ্যমে কিছু কথা উঠেছে, এটা আসলে একটা বিভ্রান্তি হয়েছে। এই অনুষ্ঠানের জন্য পাঁচ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে, এখানে পাঁচ কোটি টাকাই খরচ হবে। খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। বেশিরভাগ খরচ মূলত ৬৪ জেলা থেকে শহীদ পরিবার সদস্যদের ঢাকায় নিয়ে এসে একরাত থাকার ব্যবস্থা করায় যাবে। এখানে কোনো ধরনের সাজসজ্জা বা অতিরিক্ত খরচের ব্যবস্থা নেই। আর এটা রাষ্ট্রীয় কর্মসূচি। আমরা চেয়েছিলাম, সব শহীদ পরিবারকে এক জায়গায় করা এবং তাদের থেকে আরও তথ্য পাওয়ার আছে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার বিষয়ও আছে। সেটা খুবই দ্রুতই হবে।