লেবানন থেকে আরও ১৮৩ জন দেশে ফিরলেন
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত লেবানন থেকে ১৮৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টায় বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় এমিরেটসের একটি ফ্লাইটে ৩২ জন দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এছাড়া জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় অপর একটি চার্টার্ড ফ্লাইটে ১৫১ জন দেশে ফিরেছেন একই সময়ে। ফিরিয়ে আনা এসব প্রবাসীদের রাতে বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিন এবং আইওএম’র বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান ফাতিমা নুসরাত গাজ্জালী।
আরও পড়ুন: সরকারি ব্যয়ে কড়াকড়ি: বাড়ি-গাড়িসহ ৯ খাতে খরচ কমানোর নির্দেশ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সম্পূর্ণ সরকারি ব্যয়ে এ পর্যন্ত মোট ৩৭০ বাংলাদেশিকে এবং আইওএম স্পন্সরে ১৫১ জনকে লেবানন থেকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। আইওএম’র পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে ৫ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।
জানা গেছে, প্রথম ফ্লাইটে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩২ জনকে ও দ্বিতীয় ফ্লাইটে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর অর্থায়নে ১৫১ জনকে ফেরত আনা হয়েছে।
আরও পড়ুন: ব্যয় সংকোচনে সরকারের ৯ নির্দেশনা, জ্বালানি-ভ্রমণসহ নানা খাতে কড়াকড়ি
এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯টি ফ্লাইটে সর্বমোট ৫২১ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরলেন।
লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যত জন প্রবাসী ফিরে আসতে চান, তাদের সবাইকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বৈরুত থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন এবং যে সব প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস।





