জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: গোলাম পরওয়ার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৫৩ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, “জামায়াত সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি।” তিনি বলেন, "তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।"

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আরও পড়ুন: ভিসার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ভারতীয় হাইকমিশনের

গোলাম পরওয়ার আরও বলেন, ঐকমত্য কমিশনে লিখিতভাবে জামায়াতই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। কেউ তাদের নাম নেয় না, বরং চায় জামায়াত সমালোচনা করুক। তিনি উল্লেখ করেন, চব্বিশের আন্দোলনে তারা অনেক ভূমিকা রেখেছে।

দলটির নেতাকর্মীদের জুলাই যোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রতি জামায়াতের শ্রদ্ধা ও দোয়া থাকবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, অশ্লীল ও অরাজনৈতিক ভাষা ব্যবহার করা কোনো রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয়।

আরও পড়ুন: বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

হিন্দুদের ভোট প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, "হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লায় ভোট দিলে অতীতের সকল শাসনের থেকে জামায়াতের শাসনে তারা নিরাপদে থাকবে।" তিনি যোগ করেন, "মানবিক বাংলাদেশ চাই, যেখানে জুলুম ও নির্যাতন থাকবে না।"

নোয়াখালীতে এক সমাবেশে বিএনপি নেতা বলেছেন, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো জামায়াতকেও নিষিদ্ধ করতে হবে। এ মন্তব্যের জবাবে গোলাম পরওয়ার বলেন, “যদি এই কথা বলে তাহলে বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শোনা যায়।”