ব্যালট পেপার অনিয়মের অভিযোগ

ইসি কার্যালয়ের সামনে বসে পড়লো ছাত্রদল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:৫০ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্যালট পেপার নিয়ে অনিয়মের অভিযোগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বঘোষিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইসির প্রধান কার্যালয়ের সামনে এসে সেখানে বসে পড়েন সংগঠনটির নেতাকর্মীরা।

আরও পড়ুন: সংসদের প্রথম অধিবেশন কাল, কে হচ্ছেন স্পিকার-ডেপুটি স্পিকার?

সরেজমিনে দেখা যায়, কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন থানার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচি শুরুর আগেই কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নির্বাচন কমিশন ভবনের সামনে উপস্থিত হন।

এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ব্যালট পেপার সংক্রান্ত অনিয়মসহ একাধিক গুরুতর ইস্যুতে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতেই এ কর্মসূচি। তিনি অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী জোরপূর্বকভাবে বিভিন্ন সিদ্ধান্ত পরিবর্তনে প্রভাব বিস্তার করছে।

আরও পড়ুন: স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

তিনি আরও বলেন, ওই গোষ্ঠীর নেতাকর্মীরা নিয়মিতভাবে নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করছে এবং কোনো সাংবিধানিক এখতিয়ার না থাকলেও সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ বিচরণ করছে। এতে করে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

ছাত্রদল সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।