মন্ত্রী হলেন টাঙ্গাইল-৮ আসনের এমপি আহমেদ আযম খান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১:২৭ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতির সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আহমেদ আযম খান মোট ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও শিল্পপতি সালাউদ্দিন আলমগীর হরিণ প্রতীক নিয়ে পান ৭৬ হাজার ৪৪৮ ভোট। এতে ৩৬ হাজার ৭৬৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদের প্রথম দিন স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন। পরে রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করান।

আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

স্পিকার ও ডেপুটি স্পিকার পদে দায়িত্ব নেওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ব্যারিস্টার কায়সার কামাল আর মন্ত্রিসভায় থাকতে পারবেন না। ফলে সৃষ্ট শূন্যতার প্রেক্ষাপটে এদিনই আহমেদ আযম খানকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়।

তবে এখন পর্যন্ত তাকে কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।