ঈদের ছুটিতে পদ্মা সেতু ও যমুনা সেতুতে টোল আদায়ের রেকর্ড

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ৩:১৪ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ব্যাপক যাত্রার ফলে দেশের গুরুত্বপূর্ণ সড়কপথে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ছুটির প্রথম তিনদিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ঈদের জামাতে প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন খতিব

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের একই সময়ে পদ্মা সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহনের সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। এ বছর প্রথম তিনদিনে সেতুটি থেকে মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা, যা গত বছর একই সময়ে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে যমুনা সেতুতেও যান চলাচল বেড়েছে। ২০২৬ সালের ১৮ মার্চ একদিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন সেতুটি পারাপার করে, যা ২০২৫ সালে ছিল সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি।

আরও পড়ুন: ঈদুল আজহায় জিয়া পরিবারের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

একই দিনে যমুনা সেতু থেকে সর্বোচ্চ ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা টোল আদায় করা হয়েছে। তুলনামূলকভাবে ২০২৫ সালে সর্বোচ্চ টোল আদায় ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বছরের তুলনায় এ বছর যানবাহনের চাপ বেশি থাকলেও বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজট দেখা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিসংখ্যান দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের দক্ষতা ও সক্ষমতার প্রতিফলন।