লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:০৬ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন।

আরও পড়ুন: হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী

তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালতে কবে তোলা হবে—এমন প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা বলেন, এ বিষয়ে কাজ চলছে এবং কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন: ১২ এপ্রিল থেকে সারাদেশে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

এর আগে মঙ্গলবার ভোরে তাকে রাজধানীর একটি আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরবর্তীতে সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী।

এছাড়া, জুলাই গণ–অভ্যুত্থানের সময় সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায়ও তাকে আসামি করা হয়েছে, যেখানে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-সহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়।