সেন্টার ফর সিটিজেনস রাইটস-এর আহ্বায়ক কমিটি গঠন

Sadek Ali
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১৩ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাগরিক অধিকার ও গণসচেতনতা বৃদ্ধিতে কাজ করা সংগঠন সেন্টার ফর সিটিজেনস রাইটস (সিসিআর)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় বক্তারা নাগরিক অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংগঠনটির ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনার পর সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

আরও পড়ুন: সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, অভয়ারণ্য গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা

নবগঠিত আহ্বায়ক কমিটিতে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নোমান সালমানকে আহ্বায়ক এবং সাংবাদিক রাহাত হুসাইনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। একই সঙ্গে সংগঠনের মুখপাত্র ও দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সমাজকর্মী মো. মহিন উদ্দিন স্বপনকে।

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ক্রীড়াবিদ মাসুদ কায়সার, সাংবাদিক মো. কামাল হোসেন, সাংবাদিক আহমেদ শাহেদ, একে এম রায়হান, নিয়ামুল হাসান এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি ইউকে নন্দম জয়সহ আরও অনেকে।

আরও পড়ুন: কন্যাসন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবার আবেদন

নতুন কমিটির নেতারা জানান, সিসিআর মূলত নাগরিক অধিকার, মানবাধিকার সচেতনতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। নতুন কমিটির মাধ্যমে এই কার্যক্রমকে আরও বিস্তৃত ও সংগঠিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত সদস্যরা বলেন, দেশের বিভিন্ন স্তরে নাগরিক অধিকার বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে সিসিআর ভবিষ্যতে গবেষণা, সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার ও সামাজিক উদ্যোগ আরও বাড়াবে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে এবং নাগরিক অধিকার রক্ষায় কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।