১৪ মে প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৩৪ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই তালিকায় যুক্ত হচ্ছেন সাম্প্রতিক সময়ে নিবন্ধন সম্পন্ন করা বিপুলসংখ্যক নতুন ভোটার, বিশেষ করে তরুণ ভোটাররা। দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। 

রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারা এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

আরও পড়ুন: হাম নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার: ডা. রফিক

ইসি সূত্র জানায়, গত ৩১ মার্চ পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করা আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

খসড়া তালিকা প্রকাশের পর নাগরিকদের জন্য সংশোধনের সুযোগ রাখা হয়েছে। ভুল সংশোধন, ভোটার এলাকা পরিবর্তন এবং মৃত ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন গ্রহণ করা হবে ৩ মে পর্যন্ত। এসব আবেদনের নিষ্পত্তি সম্পন্ন হবে ৬ মে’র মধ্যে। এরপরই ১৪ মে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

আরও পড়ুন: হামের প্রাদুর্ভাব আগামী কয়েক দিনের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, একটি নির্ভুল, হালনাগাদ ও গ্রহণযোগ্য ভোটার তালিকা তৈরির লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। এতে করে আগামী জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে স্বচ্ছতা ও অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমান ভোটার সংখ্যা: 

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে—

পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন

নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন

হিজড়া ভোটার: ১ হাজার ১২০ জন।