কলেজ শিক্ষার্থীর তৈরি গো-কার্ট চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে গো-কার্ট (রেসিং কার) তৈরি করা একজন তরুণকে উৎসাহ দিয়েছেন। ওই তরুণের প্রশংসা করে ভবিষ্যতে আরও আধুনিক সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। গো-কার্টটি তৈরি করেছেন রিজওয়ান রশিদ নামের একজন তরুণ।
শনিবার দুপুরে (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন রিজওয়ান রশিদ। সেখানে নিজের তৈরি গো-কার্টটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন তিনি। আগ্রহভরে নতুন এই যানটি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনকি সেটি চালিয়েও দেখেন তিনি।
আরও পড়ুন: ‘আমি গর্বিত এক বিপ্লবীর মা’, রাকসু জিএস আম্মারকে নিয়ে মায়ের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল
প্রধানমন্ত্রী গো-কার্টটি চালানোয় অভিভূত হয়েছেন তরুণ রিজওয়ান রশিদ। তিনি বলেন, তার বানানো গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন তা তিনি ভাবতেই পারেননি, এটি তাকে অনুপ্রাণিত করেছে। রিজওয়ান রশিদ জানান, গো-কার্টটি রাজধানীর মোহাম্মদপুর থেকে চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গো-কার্ট তৈরির বিষয়টি ভাইরাল হলে– প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে এ বিষয়ে খোঁজ-খবর নিতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে গোট-কার্ট তৈরির গল্প শোনান রিজওয়ান রশিদ। তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত, বাবার অনুপ্রেরণাতেই এই কাজ শুরু করেন তিনি। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে কিছু করার পরিকল্পনা করেন রিজওয়ান রশিদ। পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল কিনে দিলেও তার আগ্রহ ছিল গাড়িতে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা থাকায় তিনি নিজেই গো-কার্ট তৈরি করেন।
এদিকে, গো-কার্ট চালানোর অভিজ্ঞতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত।





