ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ল: ট্রাম্প
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউস-এ ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৫ বিলিয়ন ডলার, ক্ষেপণাস্ত্রের মজুদ তলানিতে
ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, উভয় পক্ষ যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে। “এটি একটি ভালো বৈঠক ছিল। তারা যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়াতে রাজি হয়েছে—আর কোনো গোলাগুলি নয়,” বলেন তিনি।
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায়ও একই তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম
ট্রাম্প জানান, লেবাননকে নিরাপত্তা সহায়তায় যুক্তরাষ্ট্র কাজ করবে, বিশেষ করে হিজবুল্লাহ-এর হুমকি মোকাবিলায়।
১৯৮২ সালে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরোধিতা করে আসছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর লেবাননেও সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় ৪৫ দিন ধরে চলা এ অভিযানে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে।
পরে গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মেয়াদ ২৭ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তার আগেই নতুন করে তিন সপ্তাহ বাড়ানো হলো এই বিরতি।
হোয়াইট হাউসের ওই বৈঠকে ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন—
* যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হুকাবি
* লেবাননের রাষ্ট্রদূত মাইকেল ইসা
* মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স
* পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও





