কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের ‘পুশ-ইন’ যেন না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (১২ মে) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সামনে অপ্রাসঙ্গিক বক্তব্যে দুই ডিআইজিকে আইজিপির সতর্কতা
তিনি বলেন, সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
ঈদুল আজহা সামনে রেখে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুর হাটগুলোতে সিসিটিভিসহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। কুরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিশেষ হটলাইন চালু থাকবে।
আরও পড়ুন: পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
চাঁদাবাজির অভিযোগ জানাতে ১৬৬১১৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
মন্ত্রী আরও জানান, ঈদুল আজহার আগে সাত দিন এবং পরে সাত দিন মনিটরিং সেল সক্রিয় থাকবে। এই সেল থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
তিনি জানান, রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে। এছাড়া কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ সরবরাহে সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে।





