নদীবন্দরে সতর্ক সংকেত

১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৬ | আপডেট: ১০:৩৩ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ১২টি জেলার ওপর দিয়ে বুধবার (১০ জুন) দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ কী পরিবর্তন আসছে?

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃসতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ফলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সংসদে ইসলামী ব্যাংক নিয়ে তীব্র বিতর্ক, মন্তব্য ঘিরে উত্তাপ

অন্যদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের অবশিষ্ট এলাকাতেও বর্ষা সক্রিয় হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বুধবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এদিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ফলে চলমান গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।