মার্টিনেজ ও সিমিওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ন, ০৭ জুন ২০২৬ | আপডেট: ৯:০৪ পূর্বাহ্ন, ০৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে দলে বেশ কয়েকটি পরিবর্তন আনলেও মাঠে নামাননি অধিনায়ক লিওনেল মেসিকে। পেশির ক্লান্তি ও সাম্প্রতিক চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় পুরো ম্যাচ বেঞ্চেই ছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

আরও পড়ুন: মিসরকে হারিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা। প্রথম গোলের দেখা পায় ৩৭ মিনিটে। নিকোলাস তাগলিয়াফিকোকে পেনাল্টি বক্সে ফাউল করলে স্পট কিক পায় আলবিসেলেস্তেরা। সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ।

বিরতির পর আক্রমণের গতি আরও বাড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিউলিয়ানো সিমিওনে। লাউতারো মার্টিনেজের দারুণ ব্যাকহিল পাস থেকে বল পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন অ্যাতলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।

আরও পড়ুন: প্রতিবাদের মুখে সিদ্ধান্ত বদল করলো ফিফা

দ্বিতীয় গোলের পর স্কালোনি একাধিক পরিবর্তন আনলেও মেসিকে মাঠে নামানোর ঝুঁকি নেননি। বিশ্বকাপের আগে দলের সবচেয়ে বড় তারকাকে পুরোপুরি ফিট রাখতেই এমন সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে।

ম্যাচের আগে মেসির শারীরিক অবস্থা নিয়ে স্কালোনি বলেন, ‘লিও ভালো আছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। দলের সঙ্গে অনুশীলনও করেছে। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। সে এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করছে।’

এই জয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরও বাড়ল আর্জেন্টিনার। আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।