হাসিনার সাথে ফোনালাপ কাল্পনিক রাষ্ট্রপতির চ্যালেঞ্জ

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৪৮ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত টেলিফোন আলাপের গুঞ্জনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হওয়ার পর এক জ্যেষ্ঠ সাংবাদিককে রাষ্ট্রপতি নিজেই ফোন করে পুরো বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। এমনকি এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ থাকলে তা জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিক হেলাল উদ্দিন তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য দিয়ে এ বিষয়ে একটি পোস্ট করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি

তবে রাষ্ট্রপতি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন, “এসব সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক কথা। যোগাযোগের প্রয়োজন হলে বাংলাদেশ থেকেই কথা বলা যায়, লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন?”

তিনি আরও বলেন, “ডেইলি স্টার এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেছে কি না, তা-ও আমার নজরে আসেনি।” ওই সাংবাদিককে উদ্দেশ্য করে রাষ্ট্রপতি বলেন, “আপনার প্রতিটি ফেসবুক পোস্ট আমি পড়ি। আপনি আমার আপনজন, হৃদয়ের মানুষ, আত্মীয়। আপনার এমন একটি পোস্টে আমি আঘাত পেয়েছি, তাই নিজেই আপনাকে ফোন করলাম।”

আরও পড়ুন: শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অভিযোগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, “আমি চ্যালেঞ্জ করছি— এ ধরনের অভিযোগের পক্ষে যদি কেউ কোনো তথ্য-প্রমাণ দিতে পারে, তাহলে জনগণের যেকোনো রায় আমি মাথা পেতে নেব।”

কথোপকথনের একপর্যায়ে রাষ্ট্রপতি আবেগাপ্লুত হয়ে বলেন, “এ ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমি শারীরিক ও স্বাস্থ্যগতভাবে খুবই অসুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরাও আমার জন্য কষ্টকর হয়ে পড়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং দেশবাসীকেও আমার সুস্থতার জন্য দোয়া করতে বলবেন।”