‘বিএনপি-জামায়াতের অপচেষ্টা সত্ত্বেও ভোট উৎসব চলছে’

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৪:১০ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৪
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

বিএনপি-জামাত চেষ্টা করেছে ভোটকে ঘিরে মানুষের মাঝে সৃষ্টি হওয়া উৎসাহ-উদ্দীপনাকে ম্লান করার জন্য। কিন্তু তাদের অপচেষ্টা ছাপিয়ে ভোট মানুষের উৎসাহ-উদ্দীপনা আর উচ্ছ্বাসে পরিণত হয়েছে, বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ভোটের এই উৎসব আজ সারা বাংলাদেশে বয়ে যাচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনার আমেজের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে, বলেন তিনি।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্যমন্ত্রী হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

তিনি বলেন, নির্বাচন হচ্ছে আমাদের দেশে একটি উৎসব, সত্যিকার অর্থেই এই ভোট উৎসব বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটকে ঘিরে বিএনপির অপতৎপরতা ও অপচেষ্টাগুলো মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনার এ উৎসবের মধ্যে ঢাকা পড়ে গেছে। প্রকৃতপক্ষে মানুষ যেভাবে আজকে ভোট উৎসবে শামিল হয়ে ভোট দিচ্ছে, তাতে বিএনপি-জামাত জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

তথ্যমন্ত্রী বলেন, মানুষের প্রতিপক্ষ হলে কখনো তারা সফলকাম হয় না, হবেও না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ও আশা করি, আজকের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ধস নামানো বিজয় হবে। এবং বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে পর পর চতুর্থবারসহ পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

নিজের নির্বাচনি এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে সম্প্রচারমন্ত্রী হাছান বলেন, অনেক জায়গায় সকাল ৮টার আগে থেকে মানুষ লাইন ধরেছিল। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এটি শুধু আমার নির্বাচনী এলাকায় নয়, সমগ্র দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।