হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে: জামায়াত আমির
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র দাখিল হলেও এখনো এর প্রধান অভিযুক্তরা আইনের আওতার বাইরে রয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শুধু গ্রেপ্তার করলেই দায়িত্ব শেষ নয়; এই হত্যার পেছনে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কি না, তা উদঘাটন করা জরুরি।
শনিবার (১০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াত আমির।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের অত্যন্ত স্নেহের সন্তান ও রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির ইন্তেকাল আজও আমাদের গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করে। একটি সম্ভাবনাময় প্রাণের এমন পরিণতি যে শূন্যতা সৃষ্টি করেছে, তা কখনো পূরণ হওয়ার নয়।’
তিনি অভিযোগ করেন, মামলার অভিযোগপত্র জমা দেওয়া হলেও বর্বরোচিত এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে রয়ে গেছে, যা অত্যন্ত হতাশাজনক।
আরও পড়ুন: সাম্য ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে: শিমুল বিশ্বাস
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, অভিযুক্তরা দেশের ভেতরে রয়েছে নাকি সীমান্ত অতিক্রম করেছে—এ বিষয়ে কোনো বিভ্রান্তিকর বক্তব্য গ্রহণযোগ্য নয়। যদি তারা পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্য কোনো দেশে অবস্থান করে থাকে, তবে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন সম্ভব। অন্যথায় বিচারহীনতার সংস্কৃতি জনমনে রাষ্ট্র ও বিচার ব্যবস্থার প্রতি গভীর অনাস্থা ও হতাশা তৈরি করবে।
শহীদের রক্তের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও ন্যায়বিচার নিশ্চিত করাকে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই—শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে সরকার ও প্রশাসনকে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’





