প্রতিবাদের মুখে সিদ্ধান্ত বদল করলো ফিফা

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬ | আপডেট: ৪:৫৪ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রতিবাদ ও সমালোচনার মুখে ২০২৬ ফিফা বিশ্বকাপের স্টেডিয়ামে পানির বোতল বহনের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন নির্দেশনা অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচগুলোতে সমর্থকেরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফিফা জানায়, ২০২৬ বিশ্বকাপের যেকোনো ম্যাচে দর্শকেরা একটি করে নরম প্লাস্টিকের, ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতাসম্পন্ন এবং ফ্যাক্টরি-সিলড একবার ব্যবহারযোগ্য (ওয়ানটাইম) পানির বোতল সঙ্গে নিতে পারবেন।

আরও পড়ুন: রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

তবে নিরাপত্তাজনিত কারণে শক্ত প্লাস্টিক বা ধাতব তৈরি পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে বহনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে ফিফার মূল স্টেডিয়াম বিধিমালায় বলা হয়েছিল, দর্শকেরা সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। কিন্তু গত মঙ্গলবার প্রকাশিত বিধিমালার হালনাগাদ সংস্করণে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: ২০২৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মিউনিখে, ২০২৯ বার্সেলোনায়

সেই সময় ফিফা যুক্তি দিয়েছিল, খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির দাবি ছিল, সম্ভাব্য ঝুঁকি ও আঘাত এড়ানোর লক্ষ্যেই বোতল নিষিদ্ধ করা হয়েছিল।

তবে সিদ্ধান্তটি প্রকাশের পরপরই বিভিন্ন সমর্থক সংগঠন, পরিবেশবাদী মহল এবং রাজনৈতিক নেতাদের কাছ থেকে তীব্র সমালোচনা শুরু হয়। কারণ ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার অনেক শহরে টুর্নামেন্ট চলাকালে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

ইংল্যান্ডের সমর্থক সংগঠন ‘দ্য ফ্রি লায়ন্স’ এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছিল, “সমর্থকদের প্রথম প্রতিক্রিয়া হলো—এটি আসলে অর্থ উপার্জনের আরেকটি নতুন কৌশল।”

অন্যদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ করার বিষয়টি উদ্বেগজনক। কারণ এই প্রচণ্ড গরম শুধু খেলোয়াড়দের জন্য নয়, দীর্ঘ সময় ধরে দর্শকদেরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।”

ব্যাপক সমালোচনা ও উদ্বেগের পর অবশেষে নীতিমালায় পরিবর্তন এনে সীমিত পরিসরে পানির বোতল বহনের অনুমতি দিল ফিফা।