ডা. জেহাদ খানের উদ্যোগে করিমগঞ্জে ফ্রি খতনা ক্যাম্প
দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে শুক্রবার দিনব্যাপী এই ক্যাম্প পরিচালনা করেন দেশের প্রখ্যাত সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাব্বির আহমেদ খান।
আরও পড়ুন: থামছে না পুশ-ইন চাপ, অনিশ্চয়তার শেষ কোথায়?
অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খান বলেন, সাধারণ মানুষ ব্যয় বহুল হওয়ার কারণে খৎনার মত গুরুত্বপূর্ণ সেবা অশিক্ষিত হাজম বা দাই দ্বারা করে থাকে। যার কারণে ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় রক্তক্ষরণের কারণে শিশু মারাও যায়। এজন্য ঢাকা থেকে একজন প্রখ্যাত সার্জারি বিশেষজ্ঞের নেতৃত্বে একটি টিম করিমগঞ্জে এনে এই গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করা হয়েছে। আমি করিমগঞ্জ ও তাড়াইলবাসীর জন্য নিয়মিত এই কাজ অব্যাহত রাখবো।
ঢাকা থেকে আগত দেশের প্রখ্যাত সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাব্বির আহমেদ খান বলেন, ডা. জেহাদ খান ছোটবেলার বন্ধু। খুবই অমায়িক তিনি। তিনি যখন আমাকে বললেন, এলাকার গরিব মানুষের জন্য তিনি খতনা ক্যাম্প করতে চান। তখন আমারও খুব ভালো লেগেছে।
আরও পড়ুন: রাজশাহীর আমের তুলনা নেই: মার্কিন রাষ্ট্রদূত
তিনি বলেন, একটি খতনা করতে প্রাইভেট হাসপাতালে অনেক টাকা ব্যয় হয়। ঝুঁকিমুক্ত খতনা করার জন্য ঢাকার প্রথম সারির হাসপাতালে ৫৪ হাজার টাকা পর্যন্ত বিল উঠে। এখানে সেই সেবাটি একদম বিনামূল্যে পেয়েছে এই এলাকার শিশুরা।





