যশোরে বিজিবির অভিযানে ৩১টি স্বর্ণের বার উদ্ধার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ৯:৩৫ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২০ জুন ২০২৬) রাত ২টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় যশোর ব্যাটালিয়নের ১ নম্বর গেইটের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

অভিযানে স্বর্ণের বার বহনকারী দুইজন চোরাকারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: সাভারে শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেফতার

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকা। এছাড়া জব্দ করা প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনের মূল্য ৩৬ হাজার টাকা এবং নগদ অর্থ ৪ হাজার ৮১৫ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার ৮০৫ টাকা।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।

আরও পড়ুন: নৌকায় ঝুঁকি নিয়ে স্কুলে যায় কোমলমতি শিশুরা

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।