তাহিরপুরে ১৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ২ হাজার মিটার নিষিদ্ধ মাছ ধরার জাল পুড়িয়ে ধ্বংস
হাওর বেষ্টিত ভাটির জনপদ খ্যাত সুনামগঞ্জের বৃহৎ বালু মহাল জাদুকাটার ইজারাবিহীন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করে রাখা ১৫ হাজার ঘনফুট বালু জব্দ ও উপজেলা সদরের পার্শ্ববর্তী টাকাটুকিয়া হাওরে অভিযান পরিচালনা করে সাড়ে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ইজারাবিহীন শান্তিপুর নদী ও টাকাটুকিয়া এলাকায়, সুনামগঞ্জ জেলা প্রশাসকের দিকনির্দেশনায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার
এ সময় উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে স্তূপ করে রাখা আনুমানিক ১৫ হাজার (পনের হাজার) ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালত উপজেলার পার্শ্ববর্তী মাটিয়াইন হাওরের টাকাটুকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৫ শত মিটার মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট জাল, ২ হাজার মিটার কোনাজাল এবং ১টি চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরও পড়ুন: পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ইজারাবিহীন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





