লাইনে মোটরসাইকেল রেখে গেস্ট হাউজে রাত কাটালেন চালকরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:১৫ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামালপুর শহরের পিটিআই মোড় এলাকায় জুঁই এন্টারপ্রাইজে জ্বালানি তেল সরবরাহের ঘোষণাকে ঘিরে মধ্যরাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন মোটরসাইকেল চালকরা। রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় তেল দেওয়া হবে—এমন খবর ছড়িয়ে পড়তেই রাত থেকেই পাম্পের সামনে ভিড় জমে।

শনিবার (৪ এপ্রিল) রাতে সরেজমিনে দেখা যায়, দোকানের সামনে সারিবদ্ধভাবে মোটরসাইকেল দাঁড় করিয়ে রেখেছেন চালকরা। অনেকেই সন্ধ্যার পর থেকেই লাইনে অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন: বরগুনা সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা, তিন শিশুর মৃত্যু

জ্বালানি সংকটের কারণে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় চালকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে ক্লান্তি দেখা দিলেও তেল পাওয়ার আশায় অপেক্ষা করছেন তারা।

অনেক চালক জানিয়েছেন, দিনের বেলায় লাইনে দাঁড়িয়ে থাকলে কাজ ব্যাহত হয়। তাই কেউ কেউ রাতেই মোটরসাইকেল লাইনে রেখে পাশের গেস্ট হাউজে অবস্থান করছেন। এজন্য ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে।

আরও পড়ুন: নরসিংদীতে বেড়েছে হামের প্রাদুর্ভাব, জনমনে আতঙ্ক

লাইনে দাঁড়ানো এক চালক বলেন, বাজারে তেলের সংকটের গুঞ্জন রয়েছে। যেকোনো সময় সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে—এই আশঙ্কায় আগেই লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তারা।

আরেকজন চাকরিজীবী জানান, পেশাগত কারণে সারাদিন মোটরসাইকেল ব্যবহার করতে হয়। সকালে লাইনে দাঁড়ালে সময়মতো তেল না পাওয়ার আশঙ্কা থাকে। তাই আগের রাতেই গাড়ি লাইনে রেখে গেস্ট হাউজে অবস্থান করছেন।

জুঁই এন্টারপ্রাইজের কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকে নিয়ম মেনে তেল সরবরাহ শুরু হবে। আগেভাগে তেল দেওয়া হলে হঠাৎ ভিড় বেড়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। পাশাপাশি প্রশাসনিক নির্দেশনাও মেনে চলতে হচ্ছে বলে তারা জানিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে জামালপুরের বিভিন্ন পাম্প ও বিক্রয়কেন্দ্রে এমন পরিস্থিতি বিরাজ করছে, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে।