ব্রিতে নতুন ডিজি যোগদান ঘিরে উত্তেজনা, পক্ষে-বিপক্ষে অবস্থান ও বিক্ষোভ

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ন, ০৪ মে ২০২৬ | আপডেট: ৮:৪৭ অপরাহ্ন, ০৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এ নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ড. মো. আমিনুল ইসলামের যোগদানকে কেন্দ্র করে সোমবার দিনভর পক্ষে অভিনন্দন ও বিপক্ষে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের দুই পক্ষের অবস্থান কর্মসূচিতে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৪ মে) সকালে ব্রি’র মহাপরিচালকের কার্যালয়ের সামনে পৃথকভাবে অবস্থান নেয় উভয় পক্ষ। বিক্ষোভকারীরা কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এতে করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অচলাবস্থার সৃষ্টি হয়।

আরও পড়ুন: সোনারগাঁওয়ের রতনের প্রতারণাসহ নানা গুরুতর অভিযোগ

ব্রির প্রকাশনা ও জনসংযোগ বিভাগের সম্পাদক ও প্রধান মো. রাশেল রানা নতুন ডিজির যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রোববার কৃষি মন্ত্রণালয় ড. মো. আমিনুল ইসলামকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়।

নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর একাংশের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা তাঁর নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। অন্যদিকে আরেকটি পক্ষ এই নিয়োগকে যথাযথ উল্লেখ করে নতুন ডিজিকে স্বাগত জানিয়ে স্লোগান দেয় এবং দ্রুত প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানায়।

আরও পড়ুন: মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. হাবিবুর রহমান মুকুল বলেন, বিতর্কিত নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে ডিজির সমর্থকরা জানান, দীর্ঘদিন পদটি শূন্য থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল, তাই নতুন নিয়োগকে তারা স্বাগত জানাচ্ছেন।

বেলা সাড়ে বারোটার দিকে ড. মো. আমিনুল ইসলাম নিজ কার্যালয়ে প্রবেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় পক্ষে-বিপক্ষে স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।