নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার : নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

Sanchoy Biswas
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ৩১ মে ২০২৬ | আপডেট: ৩:৪২ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, ঈদুল আজহা শেষে নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। দেশের বড় বড় নৌঘাটগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে, যাতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি বা সমস্যা না হয়।

রোববার (৩১ মে) দুপুরে চাঁদপুর নদীবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: পুলিশের চাকরিকে ‘ব্যবসা’ বলার অভিযোগে কলমাকান্দা থানার ওসি প্রত্যাহার

প্রতিমন্ত্রী বলেন, ঘাটগুলোতে যেসব অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। যাত্রীসেবার মান উন্নয়ন এবং নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, প্রকল্পের কিছু অংশের কাজ সম্পন্ন হলেও ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। ফলে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষ হলে চাঁদপুর নদীবন্দর তার হারানো ঐতিহ্য ও গুরুত্ব পুনরুদ্ধার করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

আরও পড়ুন: চুনারুঘাটে মণিপুরী সম্প্রদায়ের সংবর্ধনায় পুলিশ সুপার তারেক মাহমুদ

নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, পন্টুন আধুনিকায়ন ও নিয়মিত ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে নৌপথ সচল রাখা গেলে দেশের নৌপরিবহন ব্যবস্থা আরও গতিশীল হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চগতির নৌযান পরিচালনার জন্যও সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।