যাত্রী সেজে ডেকে নিয়ে খুন, ঝোপে পড়ে ছিল মাহবুলের লাশ

Sadek Ali
মো. মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৮:১৭ অপরাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের এক দিন পর এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকায় সড়কের পাশের ঝোপ থেকে শনিবার ২০ জুন দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত মাহবুল হোসেন ২৮ মুরাদনগরের গকুলনগর গ্রামের বাসিন্দা। পেশায় অটোরিকশাচালক ছিলেন তিনি। গ্রেপ্তার হওয়া নাঈম ইসলাম ২৫ দাউদকান্দির পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ টিলি গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে মুরাদনগরের নগরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন: তাড়াইলে পুলিশের অভিযানে ৪ চিহ্নিত অপরাধী গ্রেফতার

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার ১৮ জুন রাত প্রায় ১০টার দিকে মাহবুল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরিবারকে জানিয়েছিলেন, দুজন যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেবেন। কিন্তু গভীর রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পান।

রাতভর ও পরদিন শুক্রবার সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও মাহবুলের সন্ধান মেলেনি। শনিবার দুপুরে স্থানীয়রা টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকায় সড়কের পাশে ঝোপের মধ্যে মরদেহ দেখে পুলিশে খবর দেন। বাঙ্গরা বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

 বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিউল আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে মাহবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা নুরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ শনিবার বিকেলে অভিযান চালিয়ে নাঈম ইসলামকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, মাহবুলের ছিনতাই হওয়া অটোরিকশাটি কোদালকাটা-মির্জাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে রবিবার ২১ জুন আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।