পাহাড়ে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সেনাবাহিনী
খাগড়াছড়িতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সেনাবাহিনী। সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওয়াদুল হক।
রোববার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
আরও পড়ুন: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের অভিযান, অপসারণ ১৬ অবৈধ বাঁধ
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, “আগামী কয়েক বছরের মধ্যে খাগড়াছড়িতে ২০ লাখ গাছ রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি সকলকে বেশি করে গাছ লাগানো এবং লাগানো গাছের পরিচর্যা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী পরিবেশগত নানা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির আওতায় খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।





