খুলনা কারাগার থেকে পালিয়েও রক্ষা হয়নি, তিন ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার হাজতি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খুলনা জেলা কারাগার (পুরাতন) থেকে সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে মাত্র তিন ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেফতার করেছে কারা কর্তৃপক্ষ। অভিযানের মাধ্যমে তাকে আটক করে আবারও কারাগারে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ইমন মাঝি কারাগার থেকে পালিয়ে যান। পরে রাত সোয়া ৮টার দিকে খুলনার সাচিবুনিয়া এলাকায় তার বাড়ির পাশ থেকে কারা পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে।

আরও পড়ুন: কাপাসিয়ায় মাদক, চুরি ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কারা সূত্র জানায়, বিকেলে ইমন মাঝি কৌশলে পুরুষ ওয়ার্ড থেকে মহিলা ওয়ার্ডসংলগ্ন বাথরুম এলাকায় চলে যান। সেখান থেকে বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে কারা কর্তৃপক্ষ জরুরি সতর্কসংকেত হিসেবে ‘পাগলা ঘণ্টা’ বাজায় এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়।

আরও পড়ুন: মা ও পোনা মাছ নিধনে হুমকিতে মৎস্যসম্পদ, অভিযানের হুঁশিয়ারি প্রশাসনের

কারারক্ষীদের একাধিক দল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পালিয়ে যাওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই ইমন মাঝিকে সাচিবুনিয়া এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু সায়েম বলেন, দ্রুত অভিযান পরিচালনার ফলে পলাতক হাজতিকে অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়েছে। একই সঙ্গে কীভাবে তিনি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পালাতে সক্ষম হলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।