আদিতমারীতে অনলাইন জুয়ার আসর ভেঙে দিল পুলিশ, আটক ৪
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইন অনুযায়ী মামলা দায়ের করেছে আদিতমারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে আদিতমারী থানার উদ্যোগে উপজেলার ৮ নম্বর মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন ২ নম্বর স্পারবাঁধ এলাকায় জনৈক আলতাফ হোসেনের টিনশেড বাড়ির সামনে পাকা সড়কে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনকভাবে অবস্থানরত চার যুবককে আটক করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ৭ দিনে ২৬ জনের মৃত্যু
আটক ব্যক্তিরা হলেন— কালীগঞ্জ উপজেলার গোড়ল গ্রামের মো. মাইদুল ইসলাম (২০), পিতা: মো. আয়নাল; একই গ্রামের মো. আবু নওশাদ (২৫), পিতা: মো. মফিজুল ইসলাম; দুলালী গোড়ল গ্রামের মো. রাজু ইসলাম (১৯), পিতা: মো. জাহাঙ্গীর আলম এবং লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের মো. তানজিমুল ইসলাম (১৯), পিতা: মো. রফিকুল ইসলাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা নিজ নিজ মোবাইল ফোনে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইন জুয়ার ওয়েবসাইটে প্রবেশ করে জুয়া খেলতেন। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয় এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়।
আরও পড়ুন: কাপাসিয়ায় মাদক, চুরি ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পুলিশ জানায়, অনলাইন জুয়া বর্তমানে তরুণ সমাজের মধ্যে উদ্বেগজনক হারে বিস্তার লাভ করছে। এ ধরনের অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় আদিতমারী থানায় মামলা নং-১৫, তারিখ ১১ জুলাই ২০২৬, ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইন-এর ১৫/১৬ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
আদিতমারী থানা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, মাদক, সাইবার অপরাধসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিভাবক ও সচেতন মহলের প্রতি তরুণদের অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে কার্যকর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।





