প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ৩:১২ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে সরকার একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের আধুনিক ও মানসম্মত পাঠদানের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: সব বেসরকারি ক্লিনিক-হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, না মানলে বন্ধের হুঁশিয়ারি

তিনি জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

ববি হাজ্জাজ বলেন, শহর ও গ্রামের শিক্ষার মানের ব্যবধান কমাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান শিক্ষা কাঠামো আরও যুগোপযোগী করে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মৌলিক পাঠ, লেখা এবং ভাষাগত দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকারের এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।