জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

Sadek Ali
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:৫৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। এতে উত্তর অঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে চালক ও পরিচালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন শত শত যাত্রী।

​স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই হঠাৎ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।

আরও পড়ুন: নাকুগাঁও বন্দরে আবারও চালু হয়েছে আমদানি-রপ্তানি

​ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।

​এদিকে আকস্মিক এই বিকলের কারণে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। সাময়িক এই স্থবিরতায় আশেপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন: শেখ হাসিনা টেররিস্ট, দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গেছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

​উদ্ধার তৎপরতা সম্পর্কে বরেন্দ্র ট্রেনের পরিচালক জানান, ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার রেল কর্তৃপক্ষ খবর পেয়ে ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন ও মেকানিক্যাল বিভাগের জনবল ঘটনাস্থলে পাঠিয়েছেন।  

জয়পুরহাট  রেলস্টেশন মাষ্টার রফিক চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান,  প্রায় দু ঘণ্টার মধ্যেই  ট্রেন চলাচল স্বাভাবিক হবে।