পাথরঘাটায় ভাতিজার বিরুদ্ধে চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগ
বরগুনার পাথরঘাটায় ঝগড়া কলহের রেশধরে পিয়ারা বেগম (৬২) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের ছেলে আল আমিন (৩৬) এর বিরুদ্ধে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিয়ারা ওই এলাকার মৃত আজাহার প্যাদার মেয়ে এবং মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত আল আমিন একই এলাকার আব্দুস সালামের ছেলে। সম্পর্কে তারা চাচি-ভাতিজা।
আরও পড়ুন: পদ্মার পানি বাড়ায় শিবগঞ্জে পানিবন্দী ১০ হাজার মানুষ
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে পারিবারিক ঘটনা নিয়ে পিয়ারা বেগমের সঙ্গে ভাতিজা আল আমিনের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে আল আমিন চাচি শিয়ারা বেগমকে লাথি,ঘুষি মারতে থাকে । এছাড়াও লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে পিয়ারা বেগম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এসময় পরিবারের সদস্যরা পিয়ারাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আরও পড়ুন: তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার
ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, পারিবারিক কলহের রেশ ধরে আল আমিন লাঠি দিয়ে পিয়ারা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। ময়নাতদন্তে রিপোর্ট আমরা হাতে পেলে বলতে পারব প্রকৃত কারণ কি ছিল।





