কুলাউড়ায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

Shahrier Islam Pallab
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:৩৭ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরে মানবিক কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন এবং নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২  কুলাউড়া আসনের এমপি মোঃ শওকতুল ইসলাম।

আরও পড়ুন: শ্রীনগরে জমজমাট ফুটবল প্রিমিয়ার লীগ

প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এ সরকারের মূল লক্ষ্য। দেশের এই চলমান উন্নয়ন কর্মকান্ডের ধারা আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এমপি’র প্রতিনিধি মো. মছব্বির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল জানান, কুলাউড়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ মোট ৯৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিবার প্রতি এক বান্ডিল করে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য নগদ ৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: 'চোরাকারবারিদের জন্য ফটিকছড়ির রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে না':সরোয়ার আলমগীর