দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন দিতে হবে: ডিএমপি কমিশনার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৫৯ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তাই সবাই যেন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করেন সে বিষয়ে নজর রাখতে হবে।”

আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর

তিনি আরও বলেন, “কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে। কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়েও নজর রাখতে হবে।”

ডিএমপি কমিশনার উল্লেখ করেন, আসন্ন নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে। এজন্য নির্বাচনে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ না ওঠার বিষয়ে সব সদস্যকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, “দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে নির্বাচনী আচরণবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে।”

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল জানান, “নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মাসিক অপরাধ সভায় ডিসেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা ক্ষেত্রে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।