পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ পরিদর্শনে এনডিসি টিম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:০০ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ‘এনডিসি কোর্স-২০২৬’-এর প্রশিক্ষণার্থী কর্মকর্তারা তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। সোমবার (২৭ এপ্রিল) সকালে এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলাম-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই পরিদর্শন সম্পন্ন করে।

পরিদর্শনকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর সঙ্গে প্রতিনিধিদলের প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয়ের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় হয়।

আরও পড়ুন: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

এ উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে অবদান, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশের কার্যক্রম ও ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আরও পড়ুন: বিচারপতি রেজাউল হককে প্রধান করে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন

পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সাইবার ক্রাইম ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন।

সভাপতির বক্তব্যে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, এনডিসি টিমের এ সফর বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে। তিনি উল্লেখ করেন, এ ধরনের পারস্পরিক সফর দুই বাহিনীর মধ্যে সহযোগিতা, শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, দেশের যেকোনো সংকট বা জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের কল্যাণে কাজ করে থাকে।

উল্লেখ্য, প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ ব্যাংক-এর পাশাপাশি চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, উগান্ডা ও জাম্বিয়াসহ বিভিন্ন দেশের মোট ১০৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।